প্রতিদিন  লালমাইয়ের যে বাজারে মাত্র ৯০ মিনিটেই কোটি টাকার দুধ বিক্রি হয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে প্রতিদিন ভোরের আলো ফুটতেই জমে ওঠে ব্যতিক্রমধর্মী এক দুধের হাট। খামারি ও পাইকারি ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠা এই হাটটি সময়ের হিসেবে খুবই স্বল্প-মাত্র দেড় ঘণ্টা।

কিন্তু অল্প সময়ের এই হাটেই প্রতিদিন গড়ে কয়েক লাখ টাকার লেনদেন হয়, আর মাস শেষে যার পরিমাণ দাঁড়ায় প্রায় দেড় কোটি টাকায়।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে হক মেডিকেলের সামনে বসা এই দুধের হাটটি প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত চলে। নির্ধারিত এই স্বল্প সময়ের মধ্যেই স্থানীয় ও আশপাশের গ্রামের খামারিরা তাদের উৎপাদিত দুধ নিয়ে হাজির হন বাজারে।

প্রতিদিন এখানে প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজার লিটার দুধ বিক্রি হয়। দুধের মানভেদে প্রতি কেজির দাম থাকে ৬৫ থেকে ৭০ টাকার মধ্যে। সেই হিসেবে দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় আনুমানিক সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমাই উপজেলায় বর্তমানে ছোট, মাঝারি ও বড় মিলিয়ে মোট ৫২৯টি দুধের খামার রয়েছে। এসব খামারের উৎপাদিত দুধের একটি বড় অংশ এই বাগমারা হাটেই বিক্রি হয়। ফলে এই বাজারটি শুধু একটি সাধারণ হাট নয়, বরং পুরো এলাকার দুগ্ধ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

সকালে বাজারে গেলে দেখা যায়, খামারিরা সাইকেল, মোটরসাইকেল ও অটোরিকশায় করে নিজস্ব পাত্রে দুধ নিয়ে আসছেন। অনেকেই আবার বড় বড় দুধের ক্যান নিয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পাইকারি ব্যবসায়ীরা তাদের ঘিরে ধরেন। ভালো মানের দুধ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতার দৃশ্যও চোখে পড়ে, যা বাজারটির প্রাণচাঞ্চল্য আরও বাড়িয়ে তোলে।

জয়নগর গ্রামের খামারি আলেক হোসেন জানান, তার তিনটি গরু রয়েছে এবং প্রতিদিন তিনি প্রায় ২০ লিটার দুধ উৎপাদন করেন। এই দুধ বিক্রি করেই তার পরিবারের দৈনন্দিন খরচের একটি বড় অংশ মেটানো হয়। তার মতো আরও অনেক খামারির জীবিকা এই হাটকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে।

এ বিষয়ে লালমাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ বলেন, লালমাই উপজেলা প্রাণিসম্পদে সমৃদ্ধ একটি এলাকা। এখানে প্রতিদিন গড়ে সাত হাজার লিটারের বেশি দুধ উৎপাদিত হয়। বাগমারা দুধের হাট এই উৎপাদিত দুধ বাজারজাতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সব মিলিয়ে, অল্প সময়ের এই দুধের হাটটি শুধু কেনাবেচার জায়গা নয়, বরং গ্রামীণ অর্থনীতির এক উজ্জ্বল উদাহরণ। খামারিদের পরিশ্রম, ব্যবসায়ীদের আগ্রহ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে প্রতিদিনই নতুন প্রাণ ফিরে পায় বাগমারার এই হাট।