বাহরাইনে ১৪ দিন ধরে নিখোঁজ মনোহরগঞ্জের যুবক বাবলু, পরিবারের আহাজারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

বাহরাইনে ১৪ দিন ধরে নিখোঁজ মনোহরগঞ্জের যুবক বাবলু, পরিবারের আহাজারি

 

নিজস্ব প্রতিবেদক, মনোহরগঞ্জ:

 

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাহরাইন প্রবাসী যুবক বাবলু গত ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ না মেলায় পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তা। প্রিয় সন্তানের সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন তার মা-বাবা ও স্বজনরা।

 

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে বাবলু বাহরাইনে পাড়ি জমান। সেখানে অবস্থানকালে তিনি নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন। কিন্তু প্রায় দুই সপ্তাহ আগে হঠাৎ করেই তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।

 

স্বজনদের দাবি, বাবলুর কর্মস্থল ও পরিচিতজনদের কাছেও খোঁজ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। এতে করে পরিবারে উদ্বেগ আরও বেড়ে গেছে। বিশেষ করে বৃদ্ধ মা-বাবা ছেলের চিন্তায় দিনরাত কান্নাকাটি করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

এ ঘটনায় এলাকায়ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রবাসে থাকা বাংলাদেশিদের বিভিন্ন গ্রুপ ও পরিচিত মহলেও বাবলুর সন্ধানে খোঁজখবর চালানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মানবিক বিবেচনায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের হাসনাবাদ ইউনিয়ন শাখার সভাপতি দেলোয়ার হোসেন ডেনিস জানান, “যদি কোনো সহৃদয় ব্যক্তি বা প্রবাসী ভাই বাবলুর বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি পরিবার আজ চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।”

 

বাবলুর সন্ধান পেলে নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা: +১ (৩০২) ৩৫৭-১৯১৭।

 

উল্লেখ্য, নিখোঁজ বাবলুর বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে।