কুমিল্লার জমিন পরিবার-এর ১১ সদস্যের নির্বাহী কমিটি গঠিত

জামিল সভাপতি, লিটন সাধারণ সম্পাদক ও লাভলু প্রকল্প সংগঠক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ ঘন্টা আগে

“ন্যায়ের পথে সংগ্রাম অবিরত” এই স্লোগানকে ধারণ করে পথচলা পাঠকনন্দিত পত্রিকা দৈনিক কুমিল্লার জমিন শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক দায়বদ্ধতা পালন এবং দেশকে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী প্রজন্মকে মেধা ও মননে বিকশিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বুধবার (২০ মে ২০২৬) রাতে আত্মপ্রকাশ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন   “ কুমিল্লার জমিন পরিবার”। সংগঠনটি দৈনিক কুমিল্লার জমিন-এর সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠন হিসেবে সারা দেশে কাজ করবে।

দৈনিক কুমিল্লার জমিন-এর সম্পাদক শাহাজাদা এমরানের সভাপতিত্বে কুমিল্লার জমিন কার্যালয়ে আয়োজিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ‘‘ কুমিল্লার জমিন পরিবার” শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সুস্থ সংস্কৃতির বিকাশ—এই চারটি প্রধান ক্যাটাগরিতে কাজ করবে। বিশেষ করে নতুন প্রজন্মকে অবক্ষয় ও অপসংস্কৃতি থেকে মুক্ত একটি সুন্দর ও মানবিক পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে সংগঠনটি।

সভায় আরও জানানো হয়, সংগঠনটি সবসময় নবীন ও প্রবীণের সমন্বয়ে পরিচালিত হবে। প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের তারুণ্যের শক্তিকে একত্রিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হবে “ কুমিল্লার জমিন পরিবার”-এর মূল লক্ষ্য।

গঠনতন্ত্র অনুযায়ী, ১৫ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে ১১ জন সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হবেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সংস্কৃতি—এই চারটি প্রকল্পের দলনেতারা পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। তরুণরা ধাপে ধাপে এসব প্রকল্পে কাজের মাধ্যমে মূল সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি দৈনিক কুমিল্লার জমিন, অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লার জমিন এবং ইউটিউব চ্যানেল কুমিল্লার জমিন-এর সকল সাংবাদিক পদাধিকারবলে সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত হবেন।

বুধবার (২০ মে ২০২৬) রাতে দৈনিক কুমিল্লার জমিন-এর সম্পাদক শাহাজাদা এমরান উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি এবং চারজন প্রকল্প দলনেতার মধ্যে একজনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামিল আহমেদ খন্দকার। সহ-সভাপতি হয়েছেন ব্রাহ্মণপাড়া নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান আকন্দ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন লিটন। প্রকল্প সংগঠক হয়েছেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারী উদ্যোক্তা শাহানা হক।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যক্ষ কবি নার্গিস আক্তার, অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল, মো. সিরাজুল ইসলাম, প্রভাষক মীর মোহাম্মদ সোহেল, মাহমুদুল হাসান সজিব এবং শাহজালাল সরকার আবির। এছাড়া চারটি প্রকল্পের মধ্যে পরিবেশ প্রকল্পের দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন শুশান্ত পাল।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি জামিল আহমেদ খন্দকার বলেন, “দৈনিক কুমিল্লার জমিন ইতোমধ্যে শুধু কুমিল্লাবাসীর নয়, প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সকল শ্রেণি-পেশার মানুষের আশা-আকাঙ্ক্ষার গণমাধ্যমে পরিণত হয়েছে। পাঠকের প্রতি দায়বদ্ধতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের আঞ্চলিক গণমাধ্যমে কুমিল্লার জমিন অল্প সময়েই একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।”আশা করি কুমিল্লার জমিন পরিবারের  মাধ্যমে আমরা সামাজিক ওসাংস্কৃতিক কাজ করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহি উদ্দিন লিটন বলেন, “কুমিল্লার জমিন অনলাইন ও অফলাইনে ইতোমধ্যে যে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ইনশাআল্লাহ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ কুমিল্লার জমিন পরিবার’ও সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে মানুষের আস্থা অর্জনে সচেষ্ট থাকবে।”