ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কুমিল্লার জমিন পরিবার’। শনিবার (২৩ মে) সকালে সংগঠনটির নেতৃবৃন্দ কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।
স্মারকলিপিতে সংগঠনটির নেতারা উল্লেখ করেন, শিশু রামিসাকে নির্মমভাবে হত্যা করার ঘটনা শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজ ও মানবতার জন্য গভীর বেদনা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কুমিল্লাসহ সারাদেশের মানুষকে শোকাহত করেছে বলেও তারা উল্লেখ করেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। তারা আরও বলেন, এমন দৃষ্টান্তমূলক বিচার প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ অপরাধ অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।
স্মারকলিপিতে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা।
স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ‘কুমিল্লার জমিন পরিবার’-এর সভাপতি জামিল আহমেদ খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, প্রকল্প সংগঠক সৈয়দ আহাম্মদ লাভলু, অর্থ সম্পাদক শাহানা হক, নির্বাহী সদস্য অধ্যক্ষ নার্গিস আক্তার, মাহমুদুল হাসান সজিব,শাহজালাল সরকার আবির, প্রকল্প দলনেতা (পরিবেশ) সুশান্ত পাল, সদস্য শামসুল আলম রাজন, জাহিদ হাসান নাইম ,দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতৃবৃন্দ বলেন, সরকারের আন্তরিক ও কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত হলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে এবং জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে।“শিশু রামিসার রক্ত যেন আর কোনো নিষ্পাপ শিশুর ভাগ্যে না জোটে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন কুমিল্লার জমিন পরিবার।
উল্লেখ্য, গত ১৯ মে ঢাকার পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হলে পরে পুলিশ তাদের গ্রেফতার করে।