যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। লেবানন ও গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের চুক্তি নিয়ে দূরত্ব বাড়তে থাকায়, ওয়াশিংটনের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান সব ধরনের আলোচনা ও বার্তা আদান-প্রদান স্থগিত করেছে তেহরান।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে জায়নবাদী শাসকগোষ্ঠীর (ইসরায়েল) ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ড আলোচনা স্থগিতের অন্যতম কারণ। দেশটিতে হামলা বন্ধের বিষয়টি যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল। কিন্তু সেটিও বারবার লঙ্ঘন হয়েছে। এসব বিবেচনায় ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে সব ধরনের সংলাপ, খসড়া চুক্তির জন্য বার্তা আদান-প্রদান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের পক্ষ থেকে এমন বার্তার দিনেই লেবাননের রাজধানী বৈরুতের শহরতলীতে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এই নির্দেশের আগে ইসরায়েলি সেনারা ঐতিহ্যবাহী দুর্গ বোফোর্টের দখল নেয়। এরপর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘এখন আমার নির্দেশ হলো হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে দখল আরও জোরালো ও সম্প্রসারিত করা।’

হিজবুল্লাহ ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। ইসমাইল বাঘাই বলেন, ‘জায়নবাদী শাসকগোষ্ঠীর অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন ও লেবাননকে সমর্থন জোগাতে ইরান সব ধরনের পদক্ষেপ নেবে।’