আর্জেন্টিনা ‘চ্যাম্পিয়ন’ হলে খাসি জবাই করে খাওয়াবেন মেহেদী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ফুটবল বিশ্বকাপ মানেই বাঙালির এক অন্যরকম উন্মাদনা। আর সেই উন্মাদনায় যদি যোগ হয় প্রিয় দলের প্রতি নিখাদ ভালোবাসা, তবে তা রূপ নেয় এক অনন্য দৃষ্টান্তে। ঠিক এমনই এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন জয়পুরহাটের এক একনিষ্ঠ আর্জেন্টিনা সমর্থক।

প্রিয় দলের প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি নিজের বাড়ির বাইরের দেয়াল সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে, সেই সঙ্গে দেওয়ালে ফুটিয়ে তুলেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসির ছবি।

শুধু তাই নয়, তিনি ঘোষণা দিয়েছেন- আর্জেন্টিনা ‘চ্যাম্পিয়ন’ হলে- ফাইনাল খেলার দিন তার বাড়িতে খেলা দেখতে আসা সবাইকে খাসি জবাই করে খাওয়াবেন।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের আউষগাড়া ইন্দ্রাপাড়া গ্রামে। এলাকার ফুটবলপ্রেমী এই যুবকের নাম মেহেদী হাসান।

সরেজমিন ওই গ্রামে গিয়ে দেখা গেছে, এবারের বিশ্বকাপ ফুটবল আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনার প্রতি নিজের অকুণ্ঠ ও গভীর ভালোবাসা প্রকাশ করতে কোনো কমতি রাখেননি মেহেদী। প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করে তিনি তার বাড়ির দেওয়ালে আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার রঙে রাঙিয়েছেন। বাড়ির সামনের পাকা সড়ক থেকে তার বাড়ি পর্যন্ত আমাদের জাতীয় পতাকা (বাংলাদেশের) ও আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজিয়েছেন। চারিদিকে সবুজ গাছপালার মাঝে যেন এক টুকরো আর্জেন্টিনা। দূর থেকে দেখলে মনে হবে- লাতিন আমেরিকার কোনো বাড়ি সগৌরবে বাংলার বুকে দাঁড়িয়ে। শুধু রঙ করেই ক্ষান্ত হননি, বাড়ির দেওয়ালে দক্ষ শিল্পী দিয়ে আঁকিয়ে নিয়েছেন প্রিয় তারকা লিওনেল মেসির ছবিও; যা দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।

মেহেদী হাসানের এই ফুটবল উন্মাদনা শুধু নিজের বাড়ি রাঙানোর মধ্যেই সীমাবদ্ধ নেই। গ্রামের সাধারণ মানুষ ও ফুটবলপ্রেমীদের বিশ্বকাপের আমেজ দিতে তিনি তার বাড়ির প্রাঙ্গণে নিয়েছেন বিশেষ উদ্যোগ। একটি প্রজেক্টরের মাধ্যমে বড়পর্দায় বিশ্বকাপের প্রতিটি খেলা সরাসরি দেখানোর আয়োজন করেছেন তিনি।

প্রতিদিন খেলা শুরুর আগেই বিশেষ করে সন্ধ্যার পর মেহেদীর বাড়ির উঠান যেন পরিণত হয় মিনি স্টেডিয়ামে। সেখানে তার নিজের পাড়া-মহল্লার শিশু-কিশোর, যুবক থেকে শুরু করে ফুটবলপ্রেমী নারী-পুরুষ ও সাধারণ দর্শকরা এসে সমবেত হন। একসঙ্গে বসে বড়পর্দায় খেলা দেখার এই আনন্দ গ্রামীণ পরিবেশে এক উৎসবমুখর আবহ তৈরি করেছে।

আর্জেন্টিনার খেলার দিনগুলোতে এ উন্মাদনা পৌঁছায় আরও চরমে। সেদিন খেলা দেখতে আসা কয়েকশ ফুটবলপ্রেমী দর্শকের জন্য খিচুড়ি দিয়ে বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও করে থাকেন আর্জেন্টিনা ভক্ত মেহেদী।

নিজের অনুভূতি ও বিশ্বাসের কথা জানাতে গিয়ে মেহেদী হাসান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, আমি আর্জেন্টিনার মনে-প্রাণে ভক্ত। আমার বিশ্বাস, এবারো আর্জেন্টিনাই বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে এবং বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেবে।

প্রিয় দলের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে তার এ আত্মবিশ্বাস কেবল মুখের কথায় সীমাবদ্ধ নয়, দিয়েছেন এক বড়সড় ঘোষণাও।

মেহেদী সবাইকে বলেছেন, আর্জেন্টিনা ‘চ্যাম্পিয়ন’ হলে- ফাইনাল খেলার দিন তার বাড়ির প্রাঙ্গণে খেলা দেখতে আসা সব ফুটবল দর্শকদের তিনি খাসি জবাই করে (মাংস-ভাত) ধুমধাম করে খাওয়াবেন।

মেহেদীর এই ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারাও। আউষগাড়া ইন্দ্রাপাড়া গ্রামের প্রতিবেশীরা জানান, মেহেদীর এ আয়োজনের কারণে পুরো গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদিন সবাই একসঙ্গে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন, এটি এই গ্রামীণ জনপদের মানুষের সৌহার্দকে আরও বাড়িয়ে দিয়েছে।