কুমিল্লাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছি: ইউসুফ মোল্লা টিপু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। আপনারা আমার পাশে থাকলে এবং সহযোগিতা করলে এই নগরীকে আরও সুন্দর ও উন্নত করা সম্ভব হবে। নগর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। খুব শিগগিরই নগরবাসী দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম দেখতে পাবেন।
তিনি নগরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। কুমিল্লার উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা কবি নজরুল ইন্সিটিটিউট কেন্দ্রে নীলাভ্র ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
ইউসুফ মোল্লা টিপু আরো বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। নীলাভ্র ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত।”
কুমিল্লায় নীলাভ্র ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে নীলাভ্র ফাউন্ডেশনের সভাপতি ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা ইউনিটের সাধারণ সম্পাদক জামিল আহমেদ খন্দকার।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সুক্তি। এছাড়া বক্তব্য রাখেন নীলাভ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।
সভাপতির বক্তব্যে ড. আলী হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে শিক্ষাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নীলাভ্র ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।