কুমিল্লা নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে টানা দ্বিতীয় দিনের মতো সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। রোববার (২৮ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন উচ্ছেদ অভিযান নগরীর রানীর বাজার থেকে শুরু হয়ে নজরুল অ্যাভিনিউ, কান্দিরপাড়, লিবার্টি মোড় হয়ে ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখা পর্যন্ত পরিচালিত হয়। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরবাসীর স্বার্থেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত থাকলে যানজট কমবে এবং পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবেন। নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কাউকে অবৈধভাবে সরকারি জায়গা দখল করতে দেওয়া হবে না। নগরবাসীর সহযোগিতায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য কুমিল্লা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”