জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ এবং তরুণদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ক্রীড়াচর্চার চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত কুমিল্লা মেট্রোপলিটন জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শিরোপা জিতেছে ইনসাফ মঞ্চ। শনিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই স্মৃতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
বিজয়ী দলের পক্ষে শিরোপা গ্রহণ করেন ইনসাফ মঞ্চের সাধারণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। এ সময় ইনসাফ মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, ফেস দ্যা পিপল সম্পাদক সাইফুর রহমান সাগর এবং কুমিল্লা মডার্ন হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে গত ২৫ জুলাই বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেস দ্যা পিপল সম্পাদক সাইফুর রহমান সাগর।
প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে ইনসাফ মঞ্চ, জুলাই আহত শহীদ অধিকার সংরক্ষণ সংস্থা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জুলাই রক্ষা আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী সমাজ কুমিল্লাসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করে। শুরু থেকেই প্রতিটি দল লড়াকু মানসিকতা ও দৃষ্টিনন্দন নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে দুর্দান্ত দলীয় নৈপুণ্য ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ইনসাফ মঞ্চ প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শিরোপা নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়দের উচ্ছ্বাস এবং দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানানো, তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং ক্রীড়াসুলভ মানসিকতা বিকাশের লক্ষ্যেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।