স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের হাজী রুস্তম আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনার জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। আগামী ছয় মাসের জন্য এ কমিটি বিদ্যালয়টির পরিচালনার দায়িত্ব পালন করবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির ধারা অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৩ আগস্ট থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত এডহক কমিটির অনুমোদন কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি পদাধিকার বলে এ দায়িত্ব পেয়েছেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে আবদুল আউয়াল এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. ইব্রাহিম কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত এডহক কমিটির ছয় মাসের মেয়াদের মধ্যেই বিধিমোতাবেক বিদ্যালয়টির জন্য নিয়মিত ও পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।