লালমাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার

লালমাই প্রতিনিধি ।।
প্রকাশ: ২০ ঘন্টা আগে

লালমাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এসআই পবিত্র সরকার।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমাই বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ থেকে দুজনকে আটক করা হয়। পরে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ জানান, গ্রেফতার ব্যক্তিরা সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক দিয়ে পরানপুর বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির দল লালমাই বাজার এলাকায় অবস্থান নেয়। সেখানে ডাকাতি সংঘটনের আগেই তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে আসছিলেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—চাঁদপুর সদর থানার হোসেনপুর এলাকার জহিরুল ইসলাম প্রধানিয়া ওরফে ফারুক (৫৩), রবিউল আলম (৩৫), হাজীগঞ্জ থানার মো. মামুন মিজি (৪৫), ফরিদগঞ্জ থানার মো. কবির ভূঁইয়া (৪০) ও মো. নজরুল ইসলাম (৩৫)।

অভিযানে তাদের কাছ থেকে একটি লোহার বেল্ট কাটার, একটি সেলাই রেঞ্চ, একটি প্লাস, একটি লোহার রড, দুটি কাঠের হাতলযুক্ত কিরিচ, একটি কাঠের হাতলযুক্ত হাসুয়া ও একটি কালো রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি নীল রঙের পিকআপ ও একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।