মাদারীপুরে এক প্রবাসীর ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক সালাউদ্দিন গাজী মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে। তিনি সম্পর্কে ইতালি প্রবাসীর খালাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের কক্ষে ভোরে হঠাৎ হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হন দুজন। এসময় টিনশেড ঘরের বেড়া উড়ে যায়। আতংক ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে পুলিশ গিয়ে সালাউদ্দিন গাজীকে আটক করে। এ পুলিশের ধারণা, ইতালি প্রবাসীর ঘরে হাতবোমা তৈরির সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।