ইংল্যান্ডের একটি মুদি দোকানে একটি পাউরুটির তাকের ওপর থেকে একটি ছোট কর্ন স্নেক উদ্ধার করা হয়েছে। চলতি বছর এ নিয়ে ২১টি সাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রাণি শিক্ষাবিষয়ক একটি সংগঠন।
কামব্রিয়াভিত্তিক ওই সংগঠনের এক সদস্য জানান, গত ১৪ আগস্ট মেরিপোর্টের হেরন ফুড স্টোরের রুটির অংশে সাপটিকে দেখতে পাওয়া যায়। পরে সেটিকে ওয়ার্কিংটনভিত্তিক পেট এনকাউন্টার নামের প্রাণী সংগঠনের কাছে হস্তান্তর করা হয়।
পেট এনকাউন্টারের প্রাণি পরিচর্যাকারী বেন নিকলসন বলেন, সাম্প্রতিক সময়ে সাপ উদ্ধারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত তারা ২১টি সাপ উদ্ধার করেছে, যেখানে ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১৪টি।
নিকলসনের মতে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কিছু পোষা প্রাণির মালিক তাদের প্রাণিগুলোর প্রয়োজনীয় খরচ বহন করতে পারছেন না।
তিনি বলেন, সাপ পালনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, হিট ম্যাট ও হিট বাল্ব—সবকিছুরই খরচ রয়েছে। বর্তমান জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে অনেক মানুষ বিদ্যুতের ব্যবহার কমানোর চেষ্টা করছেন, যা পোষা প্রাণি পালনের ক্ষেত্রেও প্রভাব ফেলছে।
সংগঠনটির আশঙ্কা, পাউরুটির তাক থেকে সাপ উদ্ধারের এই ঘটনা হয়তো আরও বড় সমস্যারই সামান্য চিত্র। পরিবারের খরচ বাড়তে থাকায় পোষা প্রাণির মালিক ও প্রাণি উদ্ধারকারী সংগঠন—দুই পক্ষের ওপরই চাপ বাড়ছে।
তথ্যসূত্র: সামা টিভি