নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

নাটোরের চাঁদপুরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন শিকদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের চালক ছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ফেরার পথে চাঁদপুর বাজারসংলগ্ন মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক স্বপন শিকদারের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে অ্যাম্বুলেন্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।

নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।