ঢাকায় গ্রেফতার পরশুরামের আ.লীগ নেতা মহিম

ফেনী প্রতিনিধি।।
প্রকাশ: ৭ ঘন্টা আগে

ফেনীর পরশুরাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বনশ্রীর একটি ভাড়া বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মহিম পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুণ্ডা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি ফেনী জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।

মহিমের স্ত্রী জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সোমবার রাতে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে ছাত্রদলের কয়েকজন তাকে আটক করে খিলগাঁও থানায় নিয়ে যান।

খিলগাঁও থানার এসআই মো. আতিকুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার মহিমকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।