জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে কুমিল্লায় বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বৃক্ষরোপণ ও বৃক্ষ সচেতনতা মূলক ক্যাম্পেইন যৌথভাবে আয়োজন করেছে জেসিআই ঢাকা আপটাউন এবং সেইভ আর্থ অর্গানাইজেশন। এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং জেসিআই ঢাকা আপটাউনের লোকাল প্রেসিডেন্ট নাভিদ নওরোজ শাহ্। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বন কর্মকর্তা এবং স্কুলের প্রধান শিক্ষক।

“সবুজ স্কুল, সচেতন প্রজন্ম, নিরাপদ আগামী” এই প্রতিপাদনে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণের পূর্বে আয়োজক স্বেচ্ছাসেবীরা ক্লাসরুমে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে বৃক্ষের প্রয়োজনীয়তা ও যত্ন নেবার বিষয়ে আলোচনা করেন। এরপর শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকগণ বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় ও অতিথিদের সাথে তারা সেটি রোপণ করেন।

নাভিদ নওরোজ শাহ্ বলেন, একটি গাছ মানে শুধু সবুজ নয়, একটি গাছ মানে ভবিষ্যতের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর প্রত্যাশা। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে তিনি আহবান জানান।

সেইভ আর্থ অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান বলেন, আজকের একটি চারা গাছই হতে পারে আগামী দিনের ছায়া, অক্সিজেন ও সবুজ পৃথিবীর অংশ। আসুন, আমরা বেশি বেশি গাছ লাগাই। গাছের যত্ন নিই ও অন্যদের সচেতন করি। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখি।

জেসিআই ঢাকা আপটাউন জেসিআই বাংলাদেশের একটি লোকাল চ্যাপ্টার এবং জেসিআই বাংলাদেশ জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) এর একটি ন্যাশনাল চ্যাপ্টার। মূলত ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের সংগঠন এটি। জেসিআই ঢাকা আপটাউনের টেকসই শক্তি সম্পর্কিত সামাজিক কল্যাণ কর্মসূচির আওতায় “প্রজেক্ট রিজেন” নামে এই বৃক্ষরোপণ আয়োজন করে যেটি বাস্তবায়ন করে সেইভ আর্থ অর্গানাইজেশন।

আয়োজকরা জানান, ২০২৩ সাল থেকে কুমিল্লা অঞ্চলে পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছে সেইভ আর্থ অর্গানাইজেশন। এ পর্যন্ত কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করেছে সংগঠনটি। ভবিষ্যতেও কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান তারা।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।