রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ভাঙচুর ও লুটপাট চালানো হয় মূলত আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও।
ডিবি জানায়, গ্রেফতার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাই। গ্রেফতারের সময় সংসদ সদস্য উপস্থিত ছিলেন ও তার সামনে থেকেই ডিবি মিজানুরকে গ্রেফতার করে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য জানান।
জানা গেছে, হামলা ও ভাঙচুরের ঘটনায় রোববার (২৭ সেপ্টেম্বর) নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এজাহারে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নাম থাকা অন্য আসামিরা হলেন- শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না।