‘আমার স্বামী স্ট্রোক করে মারা গেছেন। তাকে কেউ মেরে ফেলেনি।’ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নাঈমের মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও প্রচারের মধ্যে এমন দাবি করেছেন তার স্ত্রী হোসনেয়ারা।
গণমাধ্যমের সামনে হোসনেয়ারা বলেন, ঘটনার রাতে তিনি, তার স্বামী নাঈম ও সন্তানরা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে নাঈম জানান, তার শরীর খারাপ লাগছে। পরে তিনি বারান্দায় গিয়ে ছটফট করতে থাকেন। একপর্যায়ে সেখানেই তার মৃত্যু হয়। শারীরিক অবস্থার অবনতি এত দ্রুত ঘটে যে, তাকে হাসপাতালে নেওয়ার সুযোগও পাননি তারা।
হোসনেয়ারার দাবি, এর আগেও তার স্বামী একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এবারও স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করছেন।
নাঈমের কর্মজীবন নিয়েও কথা বলেন তার স্ত্রী। তিনি জানান, নাঈম প্রায় সাত বছর গোলাম সারোয়ারের ফার্মে কর্মরত ছিলেন। তবে গত এক বছর ধরে তিনি বাড়িতেই থাকতেন। কর্মরত থাকার সময় পরিবারের যেকোনো প্রয়োজনে গোলাম সারোয়ার তাদের বিভিন্নভাবে সহযোগিতা করতেন বলেও জানান তিনি।
নাঈমের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের আলোচনা বা প্রচার হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান হোসনেয়ারা। তবে মৃত্যুকে ঘিরে নানা ধরনের আলোচনা ও প্রচারের পরিপ্রেক্ষিতেই গণমাধ্যমের সামনে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি।
হোসনেয়ারা স্পষ্ট করে বলেন, তার স্বামীকে কেউ হত্যা করেনি; স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।