ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে ৩০০টির বেশি সিসিটিভি ক্যামেরা।
এসব ক্যামেরায় শব্দ ধারণের সুবিধাও রয়েছে। বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় নজরদারি বাড়াতে এ উদ্যোগ নিয়েছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তবে, বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। অন্যদিকে, আয়োজকেরা বিক্ষোভ করার পরিকল্পনায় অনড় রয়েছেন। এ কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
পুলিশের পরিকল্পনা অনুযায়ী, দিল্লিতে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ ঘিরে যন্তর মন্তর, জনপথ, নির্বাচন কমিশনের কার্যালয় ও দিল্লি পুলিশের সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এসব গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে প্রায় দেড় কিলোমিটার এলাকাকে বিশেষভাবে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ এলাকায় ৬ হাজার ৫০০ জনের বেশি নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি, বিক্ষোভস্থলে যাওয়ার সড়কে অন্তত সাত স্তরের ব্যারিকেড বসানো হয়েছে।
এদিকে, বিক্ষোভের সময় কী ঘটছে, তা নথিবদ্ধ করতেও বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। জ্যেষ্ঠ কর্মকর্তাদের শরীরে লাগানোর ক্যামেরা দেওয়া হয়েছে।
এছাড়া, ঘটনাস্থল ও পুলিশের কার্যক্রম ভিডিও করতে শতাধিক আলোকচিত্রী ও ভিডিওগ্রাফার নিয়োগ করা হয়েছে। বিক্ষোভ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এসব ভিডিও তদন্তে সহায়তা করবে বলে আশা করছে পুলিশ।