রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন সম্পন্ন

চেয়ারম্যান মোস্তাক,ভাইস চেয়ারম্যান জামাল খন্দকার,সেক্রেটারি জামিল খন্দকার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ ঘন্টা আগে

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামাল খন্দকার এবং সাধারণ সম্পাদক পদে জামিল আহমেদ খন্দকারসহ সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুটি পর্বে কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ছিল সাংগঠনিক আলোচনা এবং দ্বিতীয় পর্বে নির্বাচন কার্যক্রম।

সাংগঠনিক আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক হাজী মো. মোস্তাক মিয়া। তিনি ইউনিটের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করেন এবং সংগঠনকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক মহিউদ্দিন মোল্লা। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন মো. সহিদুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার জানান, রেডক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের ১১ সদস্যের কমিটিতে জেলা পরিষদের প্রশাসক হাজী মো. মোস্তাক মিয়া পদাধিকারবলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বাকি ১০টি পদের মধ্যে সাতজন সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং অপর তিনজনকে পরবর্তী সময়ে নির্বাচিত কমিটির নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী সাতটি পদের বিপরীতে সাতজন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় মনোনয়ন জমাদানকারী সাতজনকেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। আজ তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করা হলো।

নির্বাচিতরা হলেন—ভাইস চেয়ারম্যান জামাল খন্দকার, সাধারণ সম্পাদক জামিল আহমেদ খন্দকার এবং নির্বাহী সদস্য সারোয়ার জাহান দোলন, সাংবাদিক শাহাজাদা এমরান, ডা. মিনহাজুর রহমান তারেক, শিরাজুল ইসলাম মিলন ও মোর্শেদুল আলম সরকার।

নির্বাচিত কমিটিকে মিলনায়তনে উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে স্বাগত জানান। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের সহকারী পরিচালক ফাহাদ আল নূর সাজিদ। এ সময় ইউনিটের ইয়ুথ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।