‘শেখ হাসিনার সঙ্গে প্রায়ই কথা বলা’ শহিদুল পুলিশের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

চট্টগ্রামে দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত ৮টায় নগরীর হালিশহর থানাধীন আই-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগর পুলিশের একটি টিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার প্রায়ই কথা হয়—প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এমন স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার শহিদুল ফেনী সদর থানাধীন ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। বর্তমানে তিনি নগরীর খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে থাকতেন। তিনি নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার রুবেল ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপ এবং ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘ফেনী জেলা- শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ আরও ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া তিনি নিজের ‘Mohammad Sahidul Islam’ নামের ফেসবুক আইডি থেকেও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করছিলেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছিলেন। হালিশহরসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল-মিটিং পরিচালনা করে আসছিলেন।

রুবেলের বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলা রয়েছে বলেও জানান ওসি জয়নাল।