সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ফিলিপাইন ও আরেকজন নেপালের নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় পাকিস্তান ও ভারতের দুই নাগরিক আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, তেলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টা করা ড্রোনটি দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করে।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ড্রোনটি প্রতিহত করার পর তেলক্ষেত্রের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। এতে ফিলিপাইন ও নেপালের দুই নাগরিক নিহত হন। আহত হন পাকিস্তান ও ভারতের দুই নাগরিক।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ঘটনা তেলক্ষেত্রের স্থাপনার বাইরে ঘটেছে। এতে শাইবাহ তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বাড়তে থাকার মধ্যেই এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে সৌদি আরামকোর স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী।

সূত্র: আনাদোলু এজেন্সি