আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে খুতবা দেওয়া ও জুমার নামাজে ইমামতি করার পর শেখ খালেদ আবু জুমাকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি বার্ত সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার (২৩ অক্টোবর) ওই ইমামকে ধরে নিয়ে যায় ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নামাজের পর জিজ্ঞাসাবাদের জন্য শেখ খালেদকে নিয়ে যাওয়া হয়। পরে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে জানানো হয়, তাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাকে সাময়িকভাবে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

খুতবায় শেখ খালেদ জমিনে অবিচল থাকা এবং চলমান ফিলিস্তিনি জলপাই সংগ্রহের মৌসুম নিয়ে কথা বলেন। এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির দেওয়া বক্তব্য নিয়েও আলোচনা করেন বলে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে।

এদিকে জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ ইকরিমা সাবরির ওপর আল-আকসা মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। নতুন আদেশ অনুযায়ী, ৮৭ বছর বয়সি এই ফিলিস্তিনি ধর্মীয় নেতাকে ২০২৭ সালের ১৯ এপ্রিল পর্যন্ত মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। কুদস প্রেস জানিয়েছে, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আদেশটি তার আইনজীবীর কাছে হস্তান্তর করা হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে চলাচলের ওপর বিস্তৃত বিধিনিষেধের মধ্যেই এসব ঘটনা ঘটেছে। ইসরাইলি বাহিনী জেরুজালেমে যাতায়াতের সড়কগুলোর একটি চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে পারাপারের অপেক্ষায় থাকা শত শত ফিলিস্তিনির যাতায়াত ব্যাহত হয়েছে।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। একই সঙ্গে শহরটিতে অবরোধ আরোপ করা হয়েছে। সূত্র: সিয়াসাত