কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ১০ ঘন্টা আগে

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লার উদ্যোগে এ আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে এ দিন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন মিজ রোজী আকতার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারি দপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সচেতনতা জরুরি। মহাসড়ক পারাপারে ডানে-বামে দেখে ও মোবাইল ব্যবহার থেকে বিরত থেকে রাস্তা পার হতে হবে। মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট পরতে হবে এবং চালকদের মোবাইল বা হেডফোন ব্যবহার ও ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতা থেকে বিরত থাকতে হবে। চালকের বৈধ লাইসেন্স ও গাড়ির ফিটনেস নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাসমালিকদের চালকদের বিশ্রাম ও নিয়মিত মাদক পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ফুটপাত দখলমুক্ত রাখতে হবে এবং পথচারীদের ফুটওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করতে হবে। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। সবার সম্মিলিত সচেতনতা ও আইন মেনে চলার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।
আর আগে সভায় নিরাপদ সড়ক নিয়ে আলোচনায় বক্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার চলাচল, সার্ভিস লেনের অভাব, সড়কের ওপর দোকানপাট এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ ছাড়া কুমিল্লা নগরীতে পর্যাপ্ত সড়কের অভাব, অটোরিকশার সংখ্যা বৃদ্ধি, নগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং চালকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাফর সাদিক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল্লাহ আল মোঃ শেখ সাদী, ‘নিরাপদ চালক চাই’ এর সভাপতি আজাদ সরকার লিটন, বিআরটিএ কুমিল্লার উপপরিচালক (ইঞ্জিঃ) উথোয়াইনু চৌধুরী, সহকারী পরিচালক ফারুক হোসেন, কুমিল্লা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন খন্দকারসহ আরো অনেকে।
এসময়, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিআরটিএ কুমিল্লার বিভিন্ন স্তরের কর্মকর্তা, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনসিসি ও স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে কুমিল্লা জেলার সেরা চালকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।