ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশায় থাকা এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মুকসুদ আলীর ছেলে অটোচালক জয়নাল আবেদীন (৪৫) এবং সরাইল উপজেলার চুন্টা গ্রামের হুমায়ুন মিয়ার মেয়ে যুথী আক্তার (২২)।
যুথী আক্তার স্বামী-সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় আহত হয়েছেন যুথী আক্তারের স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী শিশু জায়ান আহমেদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট হাইওয়ে হয়ে যাত্রী নিয়ে ঘাটুরা অভিমুখে যাচ্ছিল ব্যাটারিচালিত একটি অটোরিকশা। পথে পীরবাড়ি এলাকায় ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টিএ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা তাদের শিশু সন্তানসহ এক দম্পতি ও অটোচালক আহত হন।
আহত সবাইকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক যুথী আক্তারকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর অটোরিকশাচালক জয়নাল আবেদীনেরও মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালান।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।