ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রিভলবার হাতে যুবক কে?

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।।
প্রকাশ: ১১ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় প্রকাশ্যে রিভলবার প্রদর্শন করতে দেখা গেছে। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা সদরের কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে দেড় ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য কবির আহমেদ ভূইয়ার পক্ষের নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করেন। অপরদিকে বর্তমান বিএনপি দলীয় এমপি মুশফিকুর রহমানের গ্রুপের পক্ষেও উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা কদমতলী এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসময় প্রকাশ্যে এক যুবককে রিভলবার প্রদর্শন করতে দেখা গেছে। এর একটি ছবি সাংবাদিকদের ক্যামেরায় ধারণ করা হয়। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে জানতে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী রাশেদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) তোফায়েল আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।