সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
প্রকাশ: ২ ঘন্টা আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তি সীমান্ত এলাকার একটি চোরাকারবারি চক্রের অন্যতম প্রধান হোতা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকার ইছারপুল ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মেহেদী হাসান (২৬) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলা (রহিমপুর, মধ্যপাড়া) গ্রামের খোকন মিয়া ও হনুফা খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ নারায়ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ সীমান্তের ২০৫৭/২-এস নং মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল ব্রিজের ওপর অবৈধভাবে অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিক মেহেদী হাসানকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি সীমান্তবর্তী এলাকার একটি চোরাকারবারি গ্রুপের অন্যতম হোতা।