উত্তরে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের অনুভুতি। তিন দিন সূর্যের দেখা নেই বেশ কয়েকটি উপজেলায়। ভোররাত থেকে ঠাণ্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের ভোগান্তি বেড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামর রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আগের দিন মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, কয়েক দিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকাল মঙ্গলবার সকালে সর্বনিম্ন ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা একটু কম, তবে কুয়াশা বেশি।

অগ্রহায়ণের শুরুতে শীতের কনকনে ঠাণ্ডায় শীতবস্ত্র জড়িয়ে পথে বের হয়েছেন অনেক মানুষ। ঘন মেঘ আর শীতল বাতাসে কাহিল হয়ে পড়েছে এ জনপদ। বুধবার সকাল থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় যানবাহন। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে শীতের অনুভূতি বেড়ে গেছে পুরো জেলায়।

দিনের বেলায় সুর্যের মুখ দেখা না যাওয়ায় স্বাভাবিক উষ্ণতা অনুভূত হয়নি। বিশেষ করে সকাল ও দুপুরের মাঝামাঝি সময়েও ঠাণ্ডার দাপট থাকায় বাইরে বের হওয়া মানুষের অনেকেই গরম কাপড় ব্যবহার করে বের হন।

এ অবস্থায় বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। অনেকেই ঠাণ্ডাকে উপেক্ষা করে উঠতি আমন ধান কাটতে বের হন। অফিস-আদালতগামী চাকরিজীবী মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মেঘাচ্ছন্ন আকাশে ঠাণ্ডায় হিমশিম খেতে হয়।

কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা রাসেল বলেন, ঠাণ্ডা এখনো পুরোপুরি নামেনি। কিন্তু দুদিন ধরে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ভালোই ঠাণ্ডা লাগে। রাতে কুয়াশাচ্ছন্ন থাকে এলাকা। ফজরের সময় বেশ শীত অনুভূত হয়। শীত এলেই আমাদের মতো বয়স্ক মানুষদের অনেক কষ্ট হয়।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন থেকে আসা রিকশাচালক করিম বলেন, আকাশে মেঘ ও সুর্য দেখা যায় না। রিকশা চালাতে পারছি না। তবু ১১টার পর শহরে আসলাম খলিলগঞ্জ ত্রিমোহনী এলাকার বাসিন্দা দিনমজুর পরেশ জানান, নীচু জমির ধান আগাম আমন কাটতেছি। আজ সকাল থেকে যেভাবে শীত পড়ছে এবং সূর্য দেখা যায় না। তাই ধান কাটতে দেরি হচ্ছে। তবু জমিতে গিয়ে দেরি করে ধান কাটা শুরু করেছি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে আশপাশের এলাকায় বর্তমানে অতিরিক্ত জলীয় বাষ্প রয়েছে। এ কারণে আকাশ মেঘলা থাকে। আর মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছায় না। ফলে ঠান্ডা অনুভূত হয় এবং অনেক সময় দিনেও মেঘের সঙ্গে কুয়াশা থাকে। কুয়াশার দাপটে দৃষ্টিসীমা কমে যায়। কয়েক দিনের মধ্যেই শীতের প্রকোপ বাড়তে পারে।

এ ব্যাপারে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হাওয়ায় এ অঞ্চলে তাপমাত্রা কমেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা দিয়ে দ্রুত হিমেল হাওয়া বইছে। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করেছে। পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, গত মঙ্গলবার জেলায় তাপমাত্রা ছিল ১৯ডিগ্রি এবং আজ বুধবার তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এ অবস্থা আগামী এক সপ্তাহ পর্যন্ত সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।