কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় শিবিরকর্মীরা। বুধবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী এলাকায় পেট্রলভর্তি বোতল ও টায়ারসহ তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন।
আটক ব্যক্তিরা হলেন—চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ডেকরা গ্রামের কাজী জামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি গ্রামের মো. বাবুলের ছেলে মো. হাসান (২০), একই গ্রামের মৃত শহীদের ছেলে মো. সজিব (২০), আলকরা ইউনিয়নের আশফালিয়া গ্রামের সাইফ উদ্দিন ভূঁইয়ার ছেলে ইলহাম (১৫)। অন্য দুজন হলেন ফেনী জেলার শান্তি কোম্পানি রোডের শরীফ উদ্দিনের ছেলে আল আমিন (২০) এবং একই জেলার আলমগীর হোসেনের ছেলে আল আমিন (১৬)।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি আরিফ হোসাইন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা নিয়ে ছয় কিশোর বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী এলাকায় পেট্রল ও টায়ার নিয়ে প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় শিবিরকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে।