নাটোরের লালপুরে রাতের আঁধারে এক কৃষকের পুকুরপাড়ে লাগানো ৪৫০টি কলাগাছ কেটে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মো. সজিব আলী (৩২)।
এ ঘটনায় শনিবার (২১ নভেম্বর) রাতে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ভুক্তভোগী মো. সজিব আলী উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে।
শনিবার বিকালে বোয়ালিয়াপাড়া গ্রামে সরেজমিন দেখা যায়, পুকুরপাড়জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কেটে ও ভেঙে ফেলা অসংখ্য কলাগাছ। কোনো গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে, আবার কোনোটি ভেঙে ফেলে রাখা হয়েছে। ফলন দেওয়ার উপযোগী হওয়ার আগেই গাছগুলো নষ্ট করে দেওয়ায় পুরো বাগানটি ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের শ্রম ও অর্থে গড়ে তোলা বাগানটি মুহূর্তেই ধ্বংস হয়ে যাওয়ায় কৃষক সজিব আলী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী সজিব আলী বলেন, অনেক কষ্ট ও টাকা খরচ করে পুকুরপাড়ে কলাগাছগুলো আবাদ করেছিলাম। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার বাগানটি নষ্ট করা হয়েছে। একসঙ্গে ৪৫০টি গাছ কেটে ফেলায় আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে এবং আমি প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।