অতীতের মতো আবারও কাঁধে কাঁধ মিলিয়ে চলবে হিন্দু-মুসলিম – হাজী ইয়াছিন

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ২ মাস আগে

বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ধর্ম যার যার, দেশটা সবার। কয়েক বছর আগে থেকেই সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বলা হয়ে আসছে। আসলে ‘সংখ্যালঘু’ শব্দটি কোনো খারাপ শব্দ নয়, তবে এই শব্দ ব্যবহারে অনেক সময় একটি সম্প্রদায়কে মানসিকভাবে খাটো করে দেখা হয়। সংখ্যালঘু বলতে আলাদা কোনো ধর্ম বোঝানো হয় না; হোক সে হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান এটা কেবল একটি পরিচয়। বুধবার (১ অক্টোবর) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
হাজী ইয়াছিন বলেন, আমাদের অতীতে হিন্দু-মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করত। আমি চাই কুমিল্লায় সেই পরিবেশ আবার তৈরি হোক। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি হিন্দু-মুসলিম ঐক্যের বন্ধন শুধু এলাকায় নয়, জাতীয় সংসদেও আমি এ বিষয়ে প্রতিবাদ ও দাবি জানাব।
হাজী ইয়াছিন বলেন, আমরা চাই, সারা বাংলাদেশব্যাপী আবারও সেই অতীতের মতো ভ্রাতৃত্ব ও সম্প্রীতি ফিরে আসুক। আমি প্রতিজ্ঞা করছি, যে কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসমুক্ত কুমিল্লা গড়ে তুলব, ইনশাল্লাহ।
এর আগে হাজী ইয়াছিন সদর দক্ষিণের বারোপাড়া ইউনিয়নসহ আশেপাশের স্থানীয় পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।
পূজামণ্ডপ পরিদর্শনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সঙ্গে ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদার, কুমিল্লা মহানগর কৃষক দলের আহ্বায়ক কাজী শাহিনুরসহ বিএনপির স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারাও পূজামণ্ডপ পরিদর্শনে যোগ দেন।