লালমাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বামী আটক

লালমাই প্রতিনিধি।।
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লার লালমাইয়ে জান্নাতুল ফেরদৌস (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের কালোরা উত্তরপাড়া স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে মো. রাসেল মিয়ার (২৭) স্ত্রী। এ ঘটনায় নিহতের মা জফুরা বেগম বাদী হয়ে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে স্বামী রাসেল কে আটক করেছে লালমাই থানা পুলিশ।
অভিযোগসূত্রে জানা যায়, গত এক বছর পূর্বে একই ইউনিয়নের রাজসা গ্রামের মৃত মোশারফ হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসকে পারিবারিকভাবে বিয়ে করে রাসেল। বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকতো জান্নাতুল। গত ২০ দিন ধরে সে স্বামীর বাড়িতেই বসবাস করতে থাকে। এমতাবস্থায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বামী রাসেলের দাদীকে ভাত দেওয়াকে কেন্দ্র করে শ্বশুর, শ্বাশুড়ি এবং জা এর সাথে মৌখিক তর্ক-বির্তক হয় জান্নাতুল ফেরদৌসের। বিষয়টি স্বামী রাসেল জানার পর সেও তার স্ত্রী জান্নাতুলের সাথে ঝগড়া করে গালমন্দ করেন। একপর্যায়ে স্ত্রী কে বলেন, “তুই মরস না কেন? তুই মরলে শান্তি পাইতাম। তুই বাড়ি থেকে চলে যা।” এমন কথার পরই রাতের কোনো এক সময় জান্নাতুল ফেরদৌস তার শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তাদের সংসারে রাহী ইসলাম নামে চার মাস বয়সী একজন ছেলে সন্তান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। আত্মহত্যায় প্ররোচনার দায়ে নিহতের স্বামী রাসেল কে আটক করা হয়েছে।