শততম জন্মবার্ষিকীর আলোচনায় বক্তাগণ-কুমিল্লার মানুষের সভ্যতার পেছনে মোহাম্মদ ফজলে রাব্বীর ভূমিকা রয়েছে 

বিল্লাল হোসেন
প্রকাশ: ৯ মাস আগে

সাপ্তাহিক ‘আমোদ’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক, বরণ্যে সাংবাদিক, ‘মোহাম্মদ ফজলে রাব্বীর’ শততম জন্মবার্ষিকী উপলক্ষে, “আলোচনা সভা  ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে  কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, কুমিল্লা অঞ্চলে যারা সাংবাদিকতা করছেন সবাই মোহাম্মদ  ফজলে রাব্বীর  উত্তরসূরী।

তিনি বলেন, কুমিল্লাতে ফজলে রাব্বী ছিলেন সাংবাদিকতার পথিকৃৎ। তিনি চাইলে অন্য অনেক পেশা বেছে নিতে পারতেন। রাজনীতি ও সেনাবাহিনীতেও তার ভাল সুনাম ছিল। তিনি সব ছেড়ে চলে আসলেন ক্রীড়া জগতে। তারপর শুরু করলেন ক্রীড়া সাংবাদিকতা। সেই সূচনা থেকে কুমিল্লাতে যাত্রা শুরু করে সাপ্তাহিক ‘আমোদ’। আজ আমাদের কুমিল্লার ছেলে-মেয়েরা অনেক কিছু জানলেও  কুমিল্লা সম্পর্কে সব জ্ঞান তাদের নেই। কুমিল্লা সম্পর্কে জানতে হলে ফজলে রাব্বী সম্পর্কে জানতে হবে। তাঁর সাহসী সাংবাদিকতা সম্পর্কে জানতে হবে।

তিনি আরো বলেন, যখন ফজলে রাব্বী সাংবাদিকতা শুরু করেছেন তখন কিন্ত বর্তমানের মতো সবকিছু এত সহজ ছিল না। তিনি নিজে এবং তার পরিবারের সদস্যদের নিয়ে এই পত্রিকার কাজটা করতেন। আমরা অনেক জায়গায় গর্ব করে বলে থাকি কুমিল্লার মানুষ সভ্য। আমাদের এই সভ্যতার নিদর্শন হচ্ছেন এই পত্রিকাগুলো। আপনারা বলতে পারেন আমি ডাক্তার হয়েও কেন ফজলে রাব্বী সংসদ করছি, আমি বলব যে, আমাদের সভ্যতার পিছনে মোহাম্মদ  ফজলে রাব্বী যে ভুমিকা রেখেছে, তার পত্রিকা যে পরিমান ভুমিকা রাখছে, সেটা প্রমাণ করতে হলেও আমাদের ফজলে রাব্বীকে স্মরণ করা উচিত।

আজ রবিবার  দূপুরে মোহাম্মদ  ফজলে রাব্বী সংসদের পক্ষ থেকে কুমিল্লা আইডিয়াল কলেজ প্রাঙ্গনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সভাপতি খায়রুল  আহসান মানিকের সভাপতিত্বে ও সহ সভাপতি শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো   বক্তব্য রাখেন, বিএমএ  কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার,সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটি কুমিল্লার সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, কুমিল্লা জেলার সাবেক ডেপুটি সিভিল সার্জন ডাক্তার গোলাম শাহজাহান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সংগঠক শাহজাহান চৌধুরী।

মোহাম্মদ ফজলে রাব্বী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাপ্তাহিক আমোদ সম্পাদক বাকীন রাব্বী  ও স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ । কোরআন তেলোয়াত ও মুনাজাত পরিচালনা করেন সংসদের অর্থ সম্পাদক মাওলানা আবু হানিফ মজুমদার ।