আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা আব্দুল কাইয়ুম ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারেক।

 বুধবার বেলা ১২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে চার যুবক টিকটক করছিলেন। ব্রিজের উপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছিটকে ব্রিজের নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারেকও ।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। টিকটক করতে গিয়ে ওই চার যুবক ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।