ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি বলেছে, মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজিসি।
আইআরজিসির বরাত দিয়ে তাসনিম নিউজ আরও জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট এই কার্যকর অপারেশনটি পরিচালনা করে। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতি সত্ত্বেও, দেশটির সামরিক গোয়েন্দা অধিদপ্তর ‘আমান’ এবং তেল আবিবে অবস্থিত মোসাদ সদরদপ্তরে সরাসরি আঘাত হানে আইআরজিসি।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর মোসাদ কার্যালয়ে দাউদাউ করে আগুন জ্বলছে।
১৩ জুন ইসরায়েলের হামলার পর থেকে আইআরজিসি একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
আইআরজিসি জানায়, ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকায় বিনা উসকানিতে আগ্রাসন চালিয়েছে। এসব হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের প্রাণহানি হয়েছে।