এইচএসসির পাশের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত ১০ বছরের মধ্যে এ হার সর্বনিম্ন। আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

গত ১০ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে পরীক্ষা অনুষ্ঠিত না হলেও সব পরীক্ষার্থীকে অটোপাশ দেওয়া হয়েছিল। ফলে ওই বছর পাশের হার ছিল ১০০ শতাংশ। এ ছাড়া ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাশের হার ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ছিল।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলে বড় ধরনের অবনতি ঘটে। ওই বছর পাশের হার কমে ৫৭ দশমিক ১২ শতাংশে নেমে আসে। অকৃতকার্য হন প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী। এবার বিএনপি সরকারের সময়ে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলো। এতে পাশের হার আরও কমে ৫২ দশমিক ১২ শতাংশে দাঁড়িয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৭২ শতাংশ। ২০১৭ সালে তা কমে ৬৬ দশমিক ৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪ দশমিক ৬৭ শতাংশ হয়। ২০১৯ সালে পাশের হার বেড়ে দাঁড়ায় ৭২ শতাংশে। করোনাকালে ২০২০ সালে ছিল ১০০ শতাংশ। পরের বছর ২০২১ সালে পাশের হার ছিল ৯৫ দশমিক ৫৭ শতাংশ। ২০২২ সালে তা কমে ৮৪ দশমিক ৩১ শতাংশে দাঁড়ায়। ২০২৩ সালে পাশের হার ছিল ৭৪ দশমিক ৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫ দশমিক ৫৬ শতাংশ।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীন ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। আজ ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরুর পরপরই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়েছে।