একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

চাঁদপুর প্রতিনিধি ।।
প্রকাশ: ৭ ঘন্টা আগে

চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তমতলার একটি ফ্ল্যাট থেকে লুৎফুর নাহার (৬৫) নামে এক বৃদ্ধার হাত-পা বাঁধা ও রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

নিহত লুৎফুর নাহার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তিনি এক ছেলে ও পাঁচ মেয়ের জননী। একমাত্র ছেলে জাপান প্রবাসী এবং মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন।

গত ১ নভেম্বর তিনি নাজিরা কমপ্লেক্সের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও লুৎফুর নাহারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে তার নাতি বাঁধন ও মেয়ে নাহিদা খান ভবনের নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে খোঁজ নিতে বলেন। দেলোয়ার বাসায় গিয়ে ফ্ল্যাটের দরজা ভেজানো দেখতে পান। দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। ভেতরে প্রবেশ করে প্রথম কক্ষে তাকে না পেয়ে অন্যকক্ষে গিয়ে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজী জানান, ঘটনার সময় তিনি বায়তুল আমিন মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলেন। ফোন পেয়ে দ্রুত বাসায় ফিরে ওই নারীর লাশ দেখতে পান এবং বিষয়টি ভবন মালিককে জানান।

ভবন মালিক আসিফ খান জানান, রাত পৌনে ৯টার দিকে নিরাপত্তাকর্মী তাকে ফোনে হত্যাকাণ্ডের খবর দেন। তিনি তখন নতুনবাজার এলাকায় ছিলেন। খবর পেয়ে দ্রুত বাসায় গিয়ে ওই নারীকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহতের নাতি ও শহরের আল-আমিন একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী বাঁধন জানায়, কয়েক দিন আগে তার নানি একটি স্টিলের আলমারি কিনেছিলেন। ওই দোকান থেকে ফোন করে জানানো হয়েছিল, আলমারির কিছু কাজ বাকি রয়েছে, তা ঠিক করে দিতে লোক পাঠানো হবে। এজন্য বাসার দরজা খোলা রাখতে বলা হয়েছিল। তবে পরে দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, দোকান থেকে এমন কোনো ফোন করা হয়নি।

নিহতের চতুর্থ মেয়ে নাহিদা খান জানান, তারা গ্রামের বাড়িতে থাকলেও মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সন্ধ্যার পর থেকে একাধিকবার ফোন করেও মাকে না পেয়ে তিনি ভবনের নিরাপত্তাকর্মীকে ফোন করে খোঁজ নিতে বলেন। নিরাপত্তাকর্মী ফোনে কথা বলতে বলতেই ফ্ল্যাটে গিয়ে দরজা খুলে ভেতরে মায়ের লাশ দেখতে পান।

নিহতের দেবর বেলাল খান ক্ষোভ প্রকাশ করে বলেন, সাততলা ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ফলে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া কঠিন হতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবীর এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ওসি ফয়েজ আহমেদ জানান, ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত চলছে।