কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।।
প্রকাশ: ৪৮ minutes ago

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭.৬২ ক্যালিবারের ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ মো. শামিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপপরিদর্শক (এসআই) কাজী ছানোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক শামিম উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভর ঠুঠা গ্রামের আলামিনের ছেলে। তিনি পেশায় ডেকোরেশনের ভ্যানচালক।

পুলিশ জানায়, শামিমের কাছ থেকে ৭.৬২ ক্যালিবারের ৯ রাউন্ড চাইনিজ গুলি উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআই কাজী ছানোয়ার হোসেন।