কিউনি প্রতিষ্ঠানের আয়োজনে কুমিল্লায় অনুষ্ঠিত হলো হেয়ার কালার ও হেয়ার ট্রিটমেন্ট বিষয়ক দুই দিনের বিশেষ মাস্টার ক্লাস। পেশাদার বিউটিশিয়ান ও হেয়ার স্টাইলিস্টদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা নগরীর দেশ প্রিয় পার্টি সেন্টারে দু’দিন ব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় জেলাজুড়ে বিভিন্ন স্থান থেকে আগত অংশগ্রহণকারীরা অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন খ্যাতনামা ট্রেইনার আসমাউল হুসনা তানিয়া। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিউটি সিগনেচারের স্বাধিকারী সালমা ইসলাম নুপুর, যিনি পুরো প্রশিক্ষণ জুড়ে প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীদের উজ্জীবিত রাখেন। এই মাস্টার ক্লাসে হেয়ার কালারিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি হেয়ার ট্রিটমেন্টের আধুনিক পদ্ধতি যেমন ব্রাজিলিয়ান ওমেগা কেরাটিন সম্পর্কেও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।