কুমিল্লায় টিফিনের টাকা জমিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটালো লাল সবুজ

টিফিনের টাকা জমিয়ে এমন মহৎ কাজ করা আমাদের সবার জন্য অনুপ্রেরণার- কুমিল্লার জমিনের সম্পাদক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

ঈদকে ঘিরে যখন চারদিকে আনন্দ-উৎসবের আমেজ, তখন অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছেই নতুন পোশাক পাওয়া যেন এক অপূর্ণ স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সংগঠনটির সদস্যরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে সেই অর্থ দিয়েই ঈদের নতুন পোশাক কিনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করেন।

শনিবার(১৪ মার্চ-২০২৬) সকালে কুমিল্লা রেল স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ কর্মসূচিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ঈদের পোশক বিতরণ করেন দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান, সংগঠনের জেলা উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন, নারী উদ্যোক্তা ফৌজিয়া ইয়াসমিন, নিউজ ২৪ এর কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, দৈনিক কালের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী,এস এ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, সংগঠক সাকিল আহাম্মেদ, যোবায়ের হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়া সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের পাশাপাশি তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান বলেন, “ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে তরুণদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। টিফিনের টাকা জমিয়ে এমন মহৎ কাজ করা আমাদের সবার জন্য অনুপ্রেরণার। সমাজের অন্যরাও যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অনেক অসহায় শিশুর ঈদ আনন্দময় হয়ে উঠবে।”

আজ শনিবার সকালে কুমিল্লা রেল স্টেশন প্রাঙ্গণে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ কর্মসূচিতে অতিথিগণসহ সবাই

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা ঈদের সময় নতুন পোশাক কিনতে পারে না। তাদের ঈদকে আনন্দময় ও রঙিন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছর ধরে সংগঠনটি এই কর্মসূচি পরিচালনা করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, তাদের এই ছোট উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।

আজ শনিবার সকালে কুমিল্লা রেল স্টেশন প্রাঙ্গণে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ কর্মসূচিতে অতিথিগণ

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি মো. রাজু, সাধারণ সম্পাদক নাঈম, সাংগঠনিক সম্পাদক রিফাত, দেবিদ্বার শাখার সাধারণ সম্পাদক রাগীব মাহতাব, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, অর্থ সম্পাদক আকিব, প্রচার সম্পাদক সালমান সাজিল, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আহমেদ রায়হান, শিক্ষা সম্পাদক হিমেল, সমাজকল্যাণ সম্পাদক অরিন্দম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সিয়াম, ক্রীড়া সম্পাদক সামিউল, সদস্য তাসিন, ফারহান, শাহাদাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।