কুমিল্লায় শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা

সোহাইবুল ইসলাম সোহাগ।।
প্রকাশ: ২ years ago

কুমিল্লা চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষকের ওপর হামলার অভিযোগে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে ক্লাস বর্জন করে কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুমকি দেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কুমিল্লা নগরীর চৌয়ারা এলাকাই এ প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। দুর্বৃত্তদের হামলার শিকার নাসির উদ্দিন সরকার চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষার প্রভাষক। শিক্ষার্থীরা জানায়, গতকাল স্যার কলেজের সামনে দাঁড়িয়ে ছিল। এমন সময় কে-বা কারা এখানে এসে স্যারকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে চলে যায়। এ ঘটনার খবর আমরা আজ জানতে পেরেছি। তাই স্যারের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারনে প্রায় ২ ঘন্টা রাস্তায় যানজট সৃষ্টি হয়। পরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসারসহ প্রশাসনের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস প্রদান করলে শিক্ষার্থী সড়ক অবরোধ তুলে নেয়। সাইমা নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের স্যাররা হলো পিতার সমতুল্য। এমন শিক্ষকে গায়ে হাত দেওয়া আমরা কোনোভাবেই মানতে পারিনা। ২৪ ঘন্টার মধ্যে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। নতুবা ক্লাস বর্জন করে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষক নাসির উদ্দিন সরকার বলেন, আমার কারো সাথে কোনো বিরোধ ছিল না। আমি দোকানে কলেজের সামনে দাঁড়িয়ে ছিলাম। তারা হঠাৎ করে আমার উপর হামলা করে। তবে আমি কাউকে চিনতে পারিনি। আমি কারো কাছে অভিযোগ করিনি। ছাত্ররা নিজ থেকে এ প্রতিবাদ করছে। আমি শিক্ষার্থীদেরও বলিনি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, মিঠু নামের এক প্রভাবশালী ব্যক্তি অটো চালক বসুকে দিয়ে কলেজ শিক্ষক নাসির উদ্দিন ও ছাত্র মাসুমকে মারধর করে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। এ ঘটনায় অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, ছাত্রদের দাবি তাদের শিক্ষকের উপর কে-বা কারা হামলা করেছে। বহিরাগত ছেলেরা নাকি কলেজের ভেতরে আড্ডা দেয়। আমি তাদের বলেছি একটি দরখাস্ত করলে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করব।