কুমিল্লায় ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লায় শুরু হচ্ছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ কুমিল্লা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে ৭টি ইভেন্টে ৩৬৮ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

কুমিল্লা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ ক্রীড়াবিদরা তাদের প্রতিভা, দক্ষতা, মনন ও ক্রীড়াশৈলী প্রদর্শনের পাশাপাশি পারস্পরিক মৈত্রির মেল বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ লাভ করবে। এ মিলন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যেরও এক অনন্য প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও মননের পাশাপাশি সুস্থ দেহ, দৃঢ় মনোবল, ইতিবাচক মানসিকতা এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা আমাদের অন্যতম দায়িত্ব। ক্রীড়া সেই দায়িত্ব পালনের একটি শক্তিশালী মাধ্যম। একটি সুন্দর মাঠ কখনো কখনো একটি সুন্দর শ্রেণি কক্ষের মতোই গুরুত্বপূর্ণ; কারণ মাঠে অর্জিত শিক্ষা জীবনের নানা প্রতিকূল মুহূর্তে শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও দৃঢ় থাকতে শেখায়।