কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৩ লাখ টাকার চোরাচালান জব্দ, আটক ১

মো: সাইফুল ইসলাম ভুইয়া।।
প্রকাশ: ৮ ঘন্টা আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫২ লাখ ৮১ হাজার ৭০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।
রোববার ( ১৮ অক্টোবর ) সুলতানপুর ব্যাটালিয়নের ( ৬০ বিজিবি ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের ( ৬০ বিজিবি ) আওতাধীন সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, গোসাইলস্থল ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে একজনকে আটকের পাশাপাশি ইয়াবা, বিয়ার, স্কাফ সিরাপ, মেহেদী, শাড়ি, রেড বুল এনার্জি ড্রিংকস, চকলেট, ফুসকা, বাসমতি চাল, বাজি, গরু, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫২ লাখ ৮১ হাজার ৭০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।