মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী অসহায় অটোরিকশাচালক আলমগীর হোসেনের পাশে দাঁড়িয়েছে ‘গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা’। মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর হাতে নগদ অর্থ ও পরিবারের জন্য এক মাসের খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রামে আলমগীর হোসেনের নিজ বাড়িতে উপস্থিত হয়ে এই সহায়তা প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন একসময় অটোরিকশা চালিয়ে নিজের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনায় তিনি পঙ্গুত্ববরণ করায় বর্তমানে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। অর্থাভাবের কারণে তিনি প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না। সরকারি জায়গায় বসবাসকারী আলমগীর পরিবার নিয়ে চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপন করছেন।
আলমগীরের এমন দুরবস্থার খবর পেয়ে গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ তাঁর বাড়িতে গিয়ে মানবিক সহায়তা পৌঁছে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে, পঙ্গুত্ববরণকারী আলমগীরের উন্নত চিকিৎসা ও পরিবারের জীবিকা নির্বাহে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং মানবিক হৃদয়ের মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্থানীয়দের পক্ষ থেকে বিনীত আহ্বান জানানো হয়েছে।