চাঁদপুর হাজীগঞ্জে ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

হৃদয় হাসান।।
প্রকাশ: ৬ মাস আগে

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে চাঁদপুরের হাজিগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে হাজিগঞ্জ শহরের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির সংগঠকরাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় এসে মানববন্ধনে পরিণত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, বিভাগ বাস্তবায়ন কমিটির সংগঠক ফখরুল ইসলাম মিঠু, জি এম জামদানি, তোফায়েল আহমেদ ও সাইফ উদ্দিন আহমেদ ও আসাদুজ্জামান ভুট্টো।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা কুমিল্লা বিভাগের দাবিতে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। বক্তারা বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী অঞ্চল। প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এখন আর বিলম্বের কোনো কারণ নেই দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়িত হলে শুধু কুমিল্লাই নয়, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের জেলাগুলোর উন্নয়নও ত্বরান্বিত হবে। প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং রাজধানী নির্ভরতা অনেকাংশে কমে যাবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে নানা স্লোগান দেন। তারা বলেন, এটি শুধু একটি প্রশাসনিক দাবি নয়, বরং জনগণের হৃদয়ের দাবি। সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন মজুমদার, পৌরসভা যুবদলের সভাপতি মিজানুর রহমান সেলিম, পৌর শ্রমিকদলের সভাপতি সোহেল রানা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা তালুকদার, পৌরসভা ছাত্রদলের সভাপতি ফয়সাল হাছান, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম টগর, পৌর ছাত্রদল নেতা আশরাফ হোসেন, রাজন, মমিনসহ আরো অনেকে।