জুলাই সনদ ও পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি প্রদান

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ৬ মাস আগে

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলা ও মহানগর জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। রবিবার সকাল ১১টায় কুমিল্লা টাউন হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্মারকলিপি গ্রহণ করেন।
এর আগে, স্মারকলিপি প্রদানের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-৫ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, দক্ষিণ জেলা সেক্রেটারি ও লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম শহিদ, দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারির কাউন্সিলর মোশারফ হোসাইন, কামারুজ্জামান সোহেল এবং উত্তর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের দীর্ঘদিনের আন্দোলন ও রক্তের বিনিময়ে গঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা নিতে হবে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, জুলাই সনদের স্বীকৃতি প্রদান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং খুনি ও ফ্যাসিস্টদের বিচার কার্যকর করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কারই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের একমাত্র পথ। প্রয়োজনে পিআর পদ্ধতি বাস্তবায়নের জন্য গণভোটেরও দাবি জানানো হয়।
বক্তারা সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও সাধারণ জনগণকে গণদাবি বাস্তবায়নের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। তাদের মতে, জনগণের সার্বিক অংশগ্রহণেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব।