ঝিনাইদহের শৈলকূপার বারোইপাড়া গ্রামের মাঠ থেকে সোহাগ হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত সোহাগ হোসেন একই উপজেলার হাবিবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে সোহাগ হোসেন তার বাবার সঙ্গে বারইপাড়া এলাকার মাঠে পেঁয়াজ রোপণ করতে যান। দুপুরের তার বাবা খাবার খেতে বাড়ি ফিরে আসে। ওই সময় সোহাগ মাঠেই ছিল। পরে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে যায়। এসময় পেঁয়াজ খেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।