দেবিদ্বারে মাদ্রাসার শৌচাগারে হেফজ শিক্ষার্থীর আত্মহত্যা

দেবিদ্বার প্রতিনিধি।।
প্রকাশ: ১২ মাস আগে

কুমিল্লার দেবিদ্বারে জান্নাতুল মা’ওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার শৌচাগারে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আরাফাত রহমান (১৪) নামে এক হেফজ বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্টেশন সংলগ্ন বাগুর গ্রামে অবস্থিত মাদ্রাসাটিতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত রহমান দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের সোহেল রানার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে আসরের নামাজ আদায় শেষে আরাফাত মাদ্রাসা থেকে একটি রশি নিয়ে শৌচাগারে যায়। দীর্ঘ সময় শৌচাগার থেকে বের না হওয়ায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করে ও দরজায় ধাক্কাধাক্কি করে। কোনো সাড়া না পেয়ে তারা বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে কর্তৃপক্ষ দরজা ভেঙে দেখে আরাফাত ভেন্টিলেটরে রশি বেঁধে গলায় ফাঁস দিয়েছে। তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদ্রাসা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আরাফাত পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে এর আগেও একাধিকবার মাদ্রাসা ত্যাগ করে নিখোঁজ হয়েছিল। ধারণা করা হচ্ছে, পড়াশোনার চাপেই সে আত্মহত্যার পথ বেছে নেয়।
এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী মাজহারুল হক সিরাজীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।