প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঐকমত্য কমিশন থেকে সংস্কার প্রক্রিয়ার কাগজগুলো আইন মন্ত্রণালয়ে গেছে। এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ। এখন সংস্কার ও বিচার জনগণকে বুঝিয়ে দিতে না পারলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের আর পালানোর পথ নেই।

তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে যেতে হবে উপদেষ্টাদের নিয়ে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে ডাকতে হবে। এরপর উপস্থিত জনগণের সামনে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা সচিবালয় থেকে এটি জারি করলে চলবে না। এটা ছাড়া প্রধান উপদেষ্টার আর কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে কেউ যদি দলীয় দাস থাকেন এবং তাদের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া যদি কোনো কারণে থমকে যায়, তাহলে যেভাবে তারা বসেছেন, সেভাবে তাদের চলে যেতে হবে। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

এই গোলটেবিল বৈঠকে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী প্রমুখ উপস্থিত ছিলেন।