বরিশাল নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়। এতে ১৩ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরীর বাংলাবাজার এলাকায় অস্ত্র নিয়ে মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মিছিলের দুদিন পর সোমবার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন সাদ, মিরাজ, লাদেন, রাতুল, রাকিব, আবু বকর সিদ্দিক, রাশেদুল ইসলাম, ফয়সাল আহমেদ মুন্না, তরিকুল ইসলাম রাজা, উজ্জল, খোকা, সীমান্ত ও ইব্রাহিম। তারা সবাই ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী বলে জানা গেছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’